স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও কুমিল্লা–১১ (চৌদ্দগ্রাম) আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, একটি উন্নত ও নিরাপদ বাংলাদেশ গড়তে দুর্নীতি ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিশ্রুতিবদ্ধ শক্তিকে ভোট দিতে হবে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের তারাশাইল উচ্চ বিদ্যালয় মাঠে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. তাহের বলেন, জামায়াত হত্যা, চাঁদাবাজি ও দুর্নীতির রাজনীতি চায় না। অতীতে কোনো সরকারের সময় দুর্নীতি কমেনি বলে মন্তব্য করে তিনি বলেন, “যদি আবার দুর্নীতি ও নৈরাজ্য দেখতে চান, তাহলে অন্যত্র ভোট দিন। আর যদি একটি নিরাপদ ও উন্নত বাংলাদেশ চান, তাহলে ১১ দলীয় জোটকে সমর্থন করুন।”
কনকাপৈত ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ হাছান মজুমদারের সভাপতিত্বে ও জামায়াত নেতা মো. নাজমুল হক মোল্লা বাদলের সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন ডাকসুর সাবেক জিএস এস এম ফরহাদ। তিনি বলেন, ভুল প্রার্থী নির্বাচিত হলে জনগণকে তার মাশুল দিতে হবে এবং ফ্যাসিবাদকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না।
জনসভায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় কনকাপৈত ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আগত জামায়াত ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে জনসভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।
[sharethis-inline-buttons]
আপনার মতামত লিখুন :