চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে প্রতিপক্ষের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি করেছেন ভুক্তভোগী পরিবার।
অভিযোগ অনুযায়ী, গত শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের যুগিরহাট গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে ৬ জনের নাম উল্লেখ করে চৌদ্দগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগে বলা হয়, স্থানীয় রাজনৈতিক বিরোধের জেরে অভিযুক্ত মনোহর আলীর নেতৃত্বে কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে ভুক্তভোগী হাফেজ মজুমদারের বাড়িতে হামলা চালায়। এ সময় বসতঘর ও আসবাবপত্র ভাঙচুর করা হয় এবং স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুটপাটের অভিযোগ করা হয়েছে।
এ ছাড়া হামলার সময় পরিবারের নারী সদস্যদের সঙ্গে অসদাচরণের চেষ্টার অভিযোগও উল্লেখ করা হয়েছে। ঘটনার সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা স্থান ত্যাগ করে বলে জানা গেছে।
ভুক্তভোগী পরিবারের দাবি, পূর্ব থেকেই তাদের হুমকি-ধমকি দেওয়া হচ্ছিল। এ ঘটনায় থানায় অভিযোগ করার পরও তারা আতঙ্কে রয়েছেন।
খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ কল করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানা গেছে।
অভিযুক্ত মনোহর আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ শামসুল আরেফিন বলেন, অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
[sharethis-inline-buttons]
আপনার মতামত লিখুন :