নিজস্ব প্রতিনিধি (কুমিল্লা):
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ৩নং কালিকাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ২নং বদরপুর দক্ষিণ পাড়ায় এক রহস্যজনক অগ্নিকাণ্ডে খোদেজা নামের এক গার্মেন্টস কর্মীর ছোট্ট বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিনের কষ্টার্জিত সঞ্চয়ে গড়া খোদেজার ছোট সংসারটি আগুনে মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয়। ঘরের আসবাবপত্র, কাপড়চোপড়, প্রয়োজনীয় কাগজপত্রসহ সবকিছু পুড়ে যায়। ঘটনার সময় ঘরটি তালাবদ্ধ ছিল এবং ভেতরে কেউ অবস্থান করছিল না।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে পল্লী বিদ্যুতের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা জানান, বিদ্যুৎ মিটার অক্ষত রয়েছে এবং বিদ্যুৎ থেকে আগুন লাগার কোনো প্রমাণ পাওয়া যায়নি। এছাড়া রান্নাবান্না থেকেও আগুন লাগার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন স্থানীয়রা, কারণ খোদেজা দীর্ঘদিন ধরে নিয়মিতভাবে বাড়িতে বসবাস করছিলেন না।
এদিকে ভুক্তভোগী পরিবারের দাবি, পাশের বাড়ির মদিনা বাসের ড্রাইভার জামসেদের পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে জায়গা-জমি ও চলাচলের রাস্তা নিয়ে বিরোধ চলছিল। বিষয়টি সামাজিকভাবে একাধিকবার মীমাংসার চেষ্টা করা হলেও সমাধান হয়নি। অভিযোগ রয়েছে, এ বিরোধের জেরে বিভিন্ন সময় হুমকিও দেওয়া হয়েছিল।
পরিবার ও স্থানীয়দের সন্দেহ, ঘটনাটি পরিকল্পিত হতে পারে। তবে অভিযুক্ত ব্যক্তির পক্ষ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদঘাটন ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
একজন অসহায় শ্রমজীবী নারীর জীবনের সব সঞ্চয় এভাবে পুড়ে যাওয়ায় এলাকাবাসীর মধ্যে গভীর উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। এখন সবার প্রত্যাশা—নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন ও ন্যায়বিচার নিশ্চিত করা হোক।
আপনার মতামত লিখুন :