কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে এক যুবদল নেতার বিরুদ্ধে তার স্ত্রীকে যৌতুকের দাবিতে নির্যাতন, মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
মামলার বিবরণ অনুযায়ী, চৌদ্দগ্রাম উপজেলার ধনুসাড়া গ্রামের মোসাঃ পিংকী আক্তার (২১) তার স্বামী মোঃ ফরহাদ হাজারী (৩২) ও শ্বশুর মোঃ স্বপন হাজারীর বিরুদ্ধে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন (সি.আর-১৭০/২০২৬)।
অভিযোগে বলা হয়, ২০২৩ সালের ১৩ সেপ্টেম্বর পারিবারিকভাবে বিয়ে হয় পিংকী আক্তারের সঙ্গে ফরহাদ হাজারীর। বিয়ের সময় স্বর্ণালংকারসহ প্রায় ২ লাখ টাকার উপহার দেওয়া হয়। পরবর্তীতে আরও টাকা দেওয়ার পরও অভিযুক্তরা অতিরিক্ত ৩ লাখ টাকা যৌতুক দাবি করতে থাকে।
ভুক্তভোগীর অভিযোগ, যৌতুকের টাকা না পেয়ে স্বামী ও তার পরিবার বিভিন্ন সময় তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে।
গত ১৮ ফেব্রুয়ারি ও ২৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে স্বামীর বাড়িতে এবং ২৭ ফেব্রুয়ারি পিংকীর পিত্রালয়ে পৃথকভাবে নির্যাতনের ঘটনা ঘটে।
সবচেয়ে ভয়াবহ অভিযোগে বলা হয়, এক পর্যায়ে স্বামী ফরহাদ হাজারী গলা চেপে ধরে তাকে হত্যার চেষ্টা করে এবং শ্বশুর বাঁশের লাঠি দিয়ে মারধর করে গুরুতর জখম করে। পরে তাকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়া হয়।
নির্যাতনের শিকার পিংকী আক্তার কোনো উপায় না পেয়ে স্বজনদের সহায়তায় পিত্রালয়ে আশ্রয় নেন। পরে অসুস্থ হয়ে পড়লে তাকে চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
ভুক্তভোগী দাবি করেন, ঘটনার পর তিনি থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা গ্রহণ না করে আদালতে যাওয়ার পরামর্শ দেয়। পরে তিনি নারী ও শিশু নির্যাতন দমন আইনে আদালতে মামলা দায়ের করেন।
[sharethis-inline-buttons]
আপনার মতামত লিখুন :