• ঢাকা
  • বৃহস্পতিবার, ২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১ এপ্রিল, ২০২৬
সর্বশেষ আপডেট : ১ এপ্রিল, ২০২৬
Designed by Nagorikit.com

একই দিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লায় ৬ জনের মৃত্যু

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

কুমিল্লা প্রতিনিধি।।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে পৃথক সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। বুধবার (১ এপ্রিল) ভোরে জেলার দাউদকান্দি, বুড়িচং (নিমসার), চান্দিনা ও চৌদ্দগ্রাম এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দাউদকান্দি উপজেলার মহাসড়কে অজ্ঞাত গাড়ির চাপায় দুই অটোরিকশা চালক নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত চারজন। আহতদের জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার মজুমদার জানান, ভোরে দ্রুতগতির একটি অজ্ঞাত যানবাহন অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই দুই চালকের মৃত্যু হয়।

নিহতরা হলেন—উপজেলার সরকারপুর গ্রামের মৃত লতু মিয়ার ছেলে বারেক (৪২) এবং নুর ইসলামের ছেলে মোস্তফা (৪০)। তারা দুজনই অটোরিকশা চালক ছিলেন।

অন্যদিকে, বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় একটি কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই দুই চালক নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

এছাড়া, চান্দিনা উপজেলার বড় গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র তাইম প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে রাস্তা পারাপারের সময় কাঠেরপুল এলাকায় লরিচাপায় নিহত হয়।

ময়নামতি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোমিন জানান, ভোরে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

এদিকে, চৌদ্দগ্রাম এলাকায় পৃথক আরেকটি দুর্ঘটনায় আরও একজন নিহত হয়েছেন বলে জানা গেছে।

স্থানীয়রা বলছেন, মহাসড়কে অতিরিক্ত গতি, ঝুঁকিপূর্ণ ইউটার্ন এবং ট্রাফিক আইন অমান্যের কারণে প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটছে। এসব দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • কুমিল্লা এর আরও খবর