চবি প্রতিনিধি:
রাঙামাটির কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে ডুবে মারা গেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থী। মঙ্গলবার (৯ জুন) বিকেল ৫টার দিকে কাপ্তাই হ্রদের বালুচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীর নাম ইনতিশার হাসনাত (২৩)। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক (আইআর) বিভাগের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে ইনতিশার হাসনাত তার তিন বন্ধুকে নিয়ে চট্টগ্রাম থেকে রাঙামাটিতে বেড়াতে যান। পরে বনরূপা সমতা ঘাট এলাকা থেকে একটি ইঞ্জিনচালিত নৌকা ভাড়া করে তারা বালুচর এলাকায় যান। সেখানে চার বন্ধু কাপ্তাই হ্রদে গোসল করতে নামলে সাঁতার না জানার কারণে ইনতিশার পানিতে তলিয়ে যান।বন্ধুরা দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করতে না পারলে স্থানীয় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় আধা ঘণ্টা তল্লাশির পর বিকেল সাড়ে ৫টার দিকে তাকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ইনতিশার হাসনাত চট্টগ্রাম শহরের ডিওএইচএস, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট এলাকার বাসিন্দা মোহাম্মদ বেলাল উদ্দীনের ছেলে। তাদের গ্রামের বাড়ি কক্সবাজারের পেকুয়া উপজেলায়।
রাঙামাটি ফায়ার সার্ভিসের স্টেশন টিম লিডার লিটন কান্তি দেব বলেন, “বিকেল ৫টার দিকে খবর পাওয়ার পর ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে তল্লাশি শুরু করে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।”
রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর জানান, উদ্ধার করে হাসপাতালে আনার পর শিক্ষার্থীকে মৃত ঘোষণা করা হয়। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
রাঙামাটির পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব বলেন, “কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।”
[sharethis-inline-buttons]
আপনার মতামত লিখুন :