স্পোর্টস রিপোর্টার ::
বর্ণাঢ্য আয়োজন ও রোমাঞ্চকর ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে পর্দা নামল দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ের সবচেয়ে আকর্ষণীয় ক্রীড়া উৎসব ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর ক্রিকেট টুর্নামেন্টের।
শুক্রবার (১৩ নভেম্বর) এবিজি স্পোর্টস সিটির বিশ্বমানের আনভীর ক্রিকেট স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এবং সোনারগাঁও ইউনিভার্সিটি।
প্রাণের উছ্বাসে ভরা টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও সমাপনী অনুষ্ঠান ঘিরে পুরো ক্রীড়াঙ্গনে সৃষ্টি হয়েছিল এক উৎসবমুখর পরিবেশ।
শুক্রবার বিকেলে আনভীর ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচটি একপর্যায়ে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে ওঠে। দুই দলের খেলোয়াড়দের ব্যক্তিগত নৈপুণ্য, দলীয় সমন্বয় এবং শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার মানসিকতা উপস্থিত দর্শকদের মাতিয়ে রাখে। টুর্নামেন্টজুড়ে অপরাজিত থাকা ইউল্যাব এবং সোনারগাঁও ইউনিভার্সিটির এই শিরোপা নির্ধারণী ম্যাচটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের করতালিতে মুখর ছিল। ম্যাচজুড়ে গ্যালারির প্রাণবন্ত উপস্থিতি ফাইনালের উত্তেজনাকে বহুগুণ বাড়িয়ে দেয়।
ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে পুরো এবিজি স্পোর্টস সিটি চত্বর রূপ নিয়েছিল এক মিনি মিলনমেলায়। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, ক্রীড়াপ্রেমী এবং আমন্ত্রিত অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে। ফ্লাডলাইটের আলোয় ম্যাচ উপভোগ করতে গ্যালারিতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। শিক্ষার্থীদের হর্ষধ্বনি এবং নিজ দলের পক্ষে অবিরাম স্লোগান পুরো স্টেডিয়ামে এক অনন্য ক্রীড়ামোদী আবহ তৈরি করে।
খেলা শেষে অনুষ্ঠিত হয় জাঁকজমকপূর্ণ পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন রংপুর রাইডার্সের পরিচালক শেজাদ আকবর সোবহান। বিশেষ অতিথি হিসেবে দেশের বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব ও সাবেক জাতীয় ক্রিকেটাররা—হাবিবুল বাশার সুমন, খালেদ মাহমুদ সুজন, নিয়ামুর রশিদ রাহুল, সানোয়ার হোসেন এবং হালিম শাহ—উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন।
এ ছাড়া অনুষ্ঠানে এবিজি স্পোর্টস সিটির পরিচালক মোহাম্মদ ইমরুল হাসান, বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ময়নাল হোসেন চৌধুরী, এবিজি স্পোর্টস সিটির উপদেষ্টা বিদ্যুৎ কুমার ভৌমিক, মো. লিয়াকত হোসেন, মো. নাজমুল আলম ভূঁইয়া ও মাহবুবুর রহমানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি, মেডেল এবং আকর্ষণীয় প্রাইজমানির চেক তুলে দেন।
বিশ্ববিদ্যালয় পর্যায়ে ক্রিকেটের প্রসার ঘটানো, তরুণ ও উদীয়মান প্রতিভা অন্বেষণ এবং শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা ও পারস্পরিক সম্প্রীতি গড়ে তোলার মূল লক্ষ্য নিয়ে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।
আনভীর বসুন্ধরা গ্রুপের সার্বিক উদ্যোগে এবং এবিজি স্পোর্টস সিটির ব্যবস্থাপনায় আয়োজিত এই টুর্নামেন্ট তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করার ক্ষেত্রে একটি অনন্য মাইলফলক স্থাপন করেছে। আয়োজকরা ভবিষ্যতে এ ধরনের টুর্নামেন্ট নিয়মিত চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।
অনুষ্ঠানে দলগত সাফল্যের পাশাপাশি টুর্নামেন্টজুড়ে অসাধারণ ব্যক্তিগত পারফরম্যান্স প্রদর্শনকারী খেলোয়াড়দের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়।
চ্যাম্পিয়ন: ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)
তারুণ্য ও ক্রীড়া উন্নয়নে বসুন্ধরা গ্রুপের দূরদর্শী পদক্ষেপের অন্যতম সফল বাস্তবায়ন ছিল এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬। এই বর্ণিল আয়োজন কেবল একটি ক্রিকেট টুর্নামেন্টের সফল সমাপ্তি নয়, বরং দেশের যুবসমাজ ও ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেওয়ার এক দূরদর্শী উদ্যোগ।
বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান-এর দিকনির্দেশনা এবং এবিজির চেয়ারম্যান সায়েম সোবহান আনভীর-এর গতিশীল ও যুগোপযোগী নেতৃত্বে দেশের ক্রীড়া অবকাঠামো আজ এক নতুন উচ্চতায় পৌঁছেছে।
বিশেষ করে, বিশ্বমানের সুযোগ-সুবিধাসম্পন্ন এবিজি স্পোর্টস সিটি এবং এর আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ের উদীয়মান তরুণ ও শিক্ষার্থীদের জন্য এক বিশ্বমানের ক্রীড়া উন্মেষ কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করেছে। এই টুর্নামেন্টের সফল আয়োজন প্রমাণ করে যে, আনভীর বসুন্ধরা গ্রুপ শুধু করপোরেট সাফল্যেই সীমাবদ্ধ নয়, বরং দেশের ক্রীড়াঙ্গনের বিকাশ, নতুন প্রতিভা অন্বেষণ এবং একটি সুস্থ, মাদকমুক্ত ও গতিশীল যুবসমাজ গঠনে সর্বদাই প্রতিশ্রুতিবদ্ধ। এই ধারাবাহিক পৃষ্ঠপোষকতা দেশের ক্রীড়া ভবিষ্যতকে আরও সুদৃঢ় ও গৌরবান্বিত করবে এটাই ক্রীড়াপ্রেমীদের প্রত্যাশা।
[sharethis-inline-buttons]
আপনার মতামত লিখুন :