• ঢাকা
  • শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ আপডেট : ১০ সেপ্টেম্বর, ২০২৬
Designed by Nagorikit.com

কুমিল্লা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

কুমিল্লা প্রতিনিধি ::

‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে এবং সরকারের অগ্রাধিকার কর্মসূচি বাস্তবায়ন ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কুমিল্লার লাকসামে নারী সমাবেশ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) সকালে লাকসামের দৌলতগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে কুমিল্লা জেলা তথ্য অফিসের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষিঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ ও নারীর জন্য গাড়ি নিশ্চিতকরণসহ মাদক, বাল্যবিবাহ, নৈতিক অবক্ষয়, মানবিক মূল্যবোধ, গুজব এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ নূরল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামরুন্নাহার লাইলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. দেলোয়ার হোসেন।
এ ছাড়া বক্তব্য দেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সোলেমান ভূইয়া, এসএমসি সদস্য মাঈনউদ্দিন শরীফ ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সহসভাপতি মো. আবুল কাশেম। স্বাগত বক্তব্য দেন দৌলতগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিত চন্দ্র সাহা।
প্রধান অতিথির বক্তব্যে ওসি কাজী কামরুন্নাহার লাইলী বলেন, একটি আদর্শ ও সচেতন সমাজ গঠনে নারীর ভূমিকা অপরিসীম। বাল্যবিবাহ ও মাদক সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। সরকারের বিভিন্ন অগ্রাধিকার কর্মসূচির সুবিধা প্রান্তিক মানুষের জীবনমান পরিবর্তনে ভূমিকা রাখছে। পাশাপাশি সন্তানদের নৈতিক অবক্ষয় রোধ ও মানবিক মূল্যবোধের শিক্ষা দেওয়ার ওপর গুরুত্ব দিতে হবে।
তিনি আরও বলেন, কোনো অবস্থাতেই গুজব ছড়াতে দেওয়া যাবে না। ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ বাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. দেলোয়ার হোসেন বলেন, প্রাথমিক শিক্ষা থেকেই শিশুদের মধ্যে নৈতিকতার ভিত্তি গড়ে তুলতে হবে। মায়েরা সচেতন হলে বাল্যবিবাহ প্রতিরোধসহ ডেঙ্গুর মতো রোগ মোকাবিলা অনেক সহজ হবে। কৃষক কার্ড ও কৃষিঋণ মওকুফের মতো সরকারি সুবিধা কাজে লাগিয়ে কৃষকদের এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে।
সভাপতির বক্তব্যে সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ নূরল হক বলেন, ‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনাকে ধারণ করে সবাইকে দেশের উন্নয়ন ও কল্যাণে কাজ করতে হবে। সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সামাজিক সুরক্ষামূলক কর্মসূচির তথ্য জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে জেলা তথ্য অফিস নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে।
তিনি পরিবেশ রক্ষায় বেশি করে বৃক্ষরোপণ এবং পানির সুষ্ঠু ব্যবস্থাপনায় খাল খননের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।
সমাবেশে দৌলতগঞ্জ এলাকার বিপুলসংখ্যক নারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক ও সুধীসমাজের প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শন করা হয়। পরে উপস্থিত নারীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট ও তথ্যসামগ্রী বিতরণ করা হয়।

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • অন্যান্য এর আরও খবর