রাকিব হোসেন :
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আয়োজনে “বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক রাজনীতির বিকাশ ও রাষ্ট্রপতি জিয়াউর রহমান: তত্ত্ব, প্রয়োগ ও রাজনৈতিক তাৎপর্য” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে) কলেজের কলা ভবনের ১০৮ নম্বর কক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে সভাপতিত্ব করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর কাজী মো. শাহাদাৎ হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাসার ভূঁঞা।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ বলেন, “বহুদলীয় রাজনীতির সূচনা করেছেন জিয়াউর রহমান। আজ যদি এই আলোচনা দু-এক বছর আগে হতো, তাহলে আমাদের সবাইকে বদলি করা হতো, শুধু বদলি নয়—শাস্তিও দেওয়া হতো।”তিনি আরও বলেন, ১৫ আগস্টের ঘটনার পর এবং ১৯৭৪ সালের দুর্ভিক্ষে বিপর্যস্ত দেশের সংকটকালীন সময়ে দায়িত্ব নিয়েছিলেন জিয়াউর রহমান। দেশের অর্থনীতি পুনর্গঠনে তিনি কাজ করেছেন এবং গণভোটের আয়োজনের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করেন।বক্তব্যে তিনি আরও বলেন, জিয়াউর রহমান ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’-এর ধারণা প্রতিষ্ঠা করে স্বনির্ভর বাংলাদেশ গঠনে কাজ করেন। পাশাপাশি মুসলিম দেশগুলোর ঐক্য, কৃষি, খাদ্য ও পোশাক উৎপাদন বৃদ্ধি এবং সমান্তরাল পররাষ্ট্রনীতিতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. রাজু আহাম্মদ। তিনি তাঁর উপস্থাপনায় বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক রাজনীতির বিকাশ, রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন, তত্ত্ব ও প্রয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি দেশের রাজনৈতিক ইতিহাসে তাঁর ভূমিকা ও রাজনৈতিক তাৎপর্য তুলে ধরেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আবদুল মজিদ, অর্থনীতি বিভাগের অধ্যাপক জাহাঙ্গীর আলম, শিক্ষক পরিষদের সম্পাদক গাজী মুহাম্মদ গোলাম সোহরাব হাসান এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক আনোয়ার হোসেন।
[sharethis-inline-buttons]
আপনার মতামত লিখুন :