ডেস্ক রিপোর্ট :
জাতীয় প্রেস ক্লাব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) যৌথভাবে এক বিবৃতিতে গণমাধ্যমের ওপর অযাচিত হস্তক্ষেপ ও হুমকির ঘটনার তীব্র নিন্দা, প্রতিবাদ এবং গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
সোমবার (৭ জুলাই ২০২৫) দেওয়া বিবৃতিতে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ এবং সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া বলেন, জুলাই আন্দোলনের একজন নেতার মাধ্যমে গণমাধ্যমকে হুমকি দেওয়া অত্যন্ত দুঃখজনক।
তারা বলেন,“জুলাইয়ের গণঅভ্যুত্থানের অন্যতম মূল চেতনা ছিল মত প্রকাশের স্বাধীনতা ও সংবাদপত্রের অধিকার নিশ্চিত করা কিন্তু মিডিয়াকে হুমকি দেওয়া সেই চেতনার বিরুদ্ধে অবস্থান নেওয়ার শামিল।”
বিবৃতিতে আরও বলা হয়, মিডিয়ার কোনো কাজ নিয়ে কারও আপত্তি থাকলে তার প্রতিকার প্রেস কাউন্সিল কিংবা প্রচলিত আইনের মাধ্যমে আদালতে চাওয়া যেতে পারে। কিন্তু সরাসরি হুমকি প্রদান গণতান্ত্রিক চর্চার পরিপন্থী ও নিন্দনীয়।
অন্যদিকে, বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কাদের গনি চৌধুরী এবং ডিইউজের সভাপতি শহীদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম এক যৌথ বিবৃতিতে বলেন, “স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম চেতনা ছিল মতপ্রকাশের অধিকার পুনরুদ্ধার। অথচ সেই চেতনার দাবিদার একজন নেতা আজ গণমাধ্যমের ওপর হুমকি দিচ্ছেন। এ আচরণ অগ্রহণযোগ্য।”
তারা আরও বলেন, “রবিবার রাজশাহীতে এনসিপির এক শীর্ষ নেতা সাংবাদিকদের বিরুদ্ধে যেভাবে হুমকি দিয়েছেন, তাতে আমরা ফ্যাসিবাদের পদধ্বনি শুনতে পাচ্ছি। জুলাই বিপ্লবের সময় সংবাদপত্রের স্বাধীনতা প্রতিষ্ঠায় যেসব সাংবাদিক জীবন দিয়েছেন, তাঁদের স্মরণেই এই ধরনের হুমকি আজ চরম অবমাননাকর।”
বিবৃতিতে স্মরণ করিয়ে দেওয়া হয়, শুধুমাত্র জুলাই বিপ্লব চলাকালে ৬ জন সাংবাদিক শহীদ হয়েছিলেন, এবং চলমান সময়েও বহু সাংবাদিক হত্যার শিকার হয়েছেন। তাই সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তার বিষয়ে কোনো ধরনের আপস হবে না বলেও জানিয়ে দেওয়া হয়।
সাংবাদিক নেতারা সংশ্লিষ্ট নেতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিও জানান এবং সবাইকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সমাধানের পথে আসার আহ্বান জানান।
[sharethis-inline-buttons]
আপনার মতামত লিখুন :