• ঢাকা
  • বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭ মে, ২০২৬
সর্বশেষ আপডেট : ৭ মে, ২০২৬
Designed by Nagorikit.com

কুমিল্লা সিটি কর্পোরেশনের আয়তন বাড়ছে পাঁচ গুণ

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

কুমিল্লা সিটি কর্পোরেশন-এর সীমানা বড় করার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে ৫৩ বর্গকিলোমিটার আয়তনের এই সিটি কর্পোরেশন সম্প্রসারণের মাধ্যমে প্রায় ২৮৫ বর্গকিলোমিটারে উন্নীত হতে যাচ্ছে। পরিকল্পনা বাস্তবায়িত হলে কুমিল্লা নগরী দেশের অন্যতম বৃহৎ সিটি কর্পোরেশনে রূপ নেবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্রসারিত এই সীমানার আওতায় আসছে আদর্শ সদর উপজেলা ও সদর দক্ষিণ উপজেলার সব ইউনিয়ন। ফলে উপজেলা দুটির ইউনিয়ন কাঠামো বিলুপ্ত হয়ে পুরো এলাকাই কুমিল্লা সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হবে। এছাড়া বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের বড় একটি অংশও নতুন সীমানায় যুক্ত হচ্ছে।
দীর্ঘদিন ধরে ময়নামতি ইউনিয়নকে উপজেলায় উন্নীত করার দাবি থাকলেও নতুন পরিকল্পনায় ইউনিয়নের অধিকাংশ এলাকা সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করা হচ্ছে। স্থানীয়দের মতে, এতে একদিকে আধুনিক নাগরিক সুবিধা বাড়বে, অন্যদিকে প্রশাসনিক সেবাও সহজ হবে।
কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু জানিয়েছেন, আগামী সিটি কর্পোরেশন নির্বাচন সম্প্রসারিত সীমানা অনুযায়ী আয়োজনের প্রস্তুতি চলছে। ইতোমধ্যে অন্তর্ভুক্ত এলাকাগুলোর প্রতিনিধিদের সঙ্গে একাধিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এর আগে ২০২২ সালে কুসিকের আয়তন ১৯২ বর্গকিলোমিটারে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছিল। তবে বিভিন্ন জটিলতায় তা বাস্তবায়ন হয়নি। সম্প্রতি নতুন পরিকল্পনা অনুযায়ী গত ২৮ এপ্রিল অন্তর্ভুক্ত ইউনিয়নের প্রতিনিধিদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে লালমাই উপজেলার দুটি ইউনিয়নের প্রতিনিধিদের আপত্তির কারণে পূর্বের প্রস্তাব বাতিল করা হয়। পরে আদর্শ সদর, সদর দক্ষিণ এবং ময়নামতি ইউনিয়নের একাংশ নিয়ে নতুন সম্প্রসারণ পরিকল্পনায় চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়।
বর্তমান কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী নির্বাচনের আগে “আমার স্বপ্ন আমার কুমিল্লা” কর্মপরিকল্পনায় কুসিক সম্প্রসারণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এই সম্প্রসারণের মাধ্যমে কুমিল্লাকে আধুনিক ও পরিকল্পিত মহানগর হিসেবে গড়ে তোলার পথ আরও সুগম হবে।

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • কুমিল্লা এর আরও খবর