কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কাজী নজরুল ইসলাম হলে মেসেঞ্জার গ্রুপে দেওয়া বার্তাকে কেন্দ্র করে প্রাধ্যক্ষের কক্ষে সমাধানের উদ্দেশ্যে বসলে কক্ষের বাইরে হাতাহাতি ও মারামারিতে এক শিক্ষার্থীর মাথা ফাটার ঘটনা ঘটেছে।
শুক্রবার (২১ আগস্ট) মধ্যরাতে এ ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মারুফ হোসাইন। অভিযুক্ত দুই শিক্ষার্থী অর্থনীতি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ইলিয়াস ইসলাম শুভ এবং মোঃ হুমায়ুন কবির।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ম্যাসেঞ্জার গ্রুপে ‘জেসিডি’ লেখাকে কেন্দ্র করে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সোহাগ চৌধুরী, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের আকাশ রাজ বংশী, আইন বিভাগের ফয়সাল আহমেদ এবং নৃবিজ্ঞান বিভাগের হাসিব হাসান ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের মামুনুর রশীদের সাথে কথা বলতে গেলে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। বিষয়টি সুরাহার উদ্দেশ্যে হল প্রাধ্যক্ষ তাঁর কক্ষে উভয় পক্ষকে নিয়ে আলোচনা করেন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কয়েকজন শিক্ষার্থীকে কক্ষের বাইরে যেতে বলা হয়। পরে কক্ষের সামনে কথা কাটাকাটির একপর্যায়ে ইংরেজি বিভাগের ১৮তম আবর্তনের শিক্ষার্থী মারুফ হোসাইনকে মারধর করেন অর্থনীতি বিভাগের ১৭তম আবর্তনের শিক্ষার্থী ইলিয়াস ইসলাম শুভ ও মোহাম্মদ হুমায়ুন কবীর। এতে মারুফের মাথায় আঘাত লেগে তিনি আহত হন। তিনি বর্তমানে কুমিল্লা মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন আছেন।
হল প্রাধ্যক্ষ সহযোগী অধ্যাপক মো. হারুন বলেন, ‘পাঁচ তলায় যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সেটি সমাধানের জন্য দুই পক্ষকে নিয়ে আমরা আলোচনায় বসছি। এরমধ্যে বারবার ওরা এসে এইখানে বিশৃঙ্খলা করতে চেয়েছে। এক পর্যায়ে আমরা সবাইকে বের হয়ে যেতে বললে বাইরে ওদের মধ্যে মারামারি হয় এবং একজনের মাথা ফেটে যায়। আমরা হল প্রশাসন আলোচনা করে ওদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিব।’
[sharethis-inline-buttons]
আপনার মতামত লিখুন :