চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) উদ্যোগে শিক্ষার্থীদের আইনি সহায়তা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী ‘ফ্রি লিগ্যাল এইড ক্যাম্প, আইনি সচেতনতামূলক কর্মশালা ও প্যানেল ডিসকাশন’ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ জুন) বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে লিগ্যাল এইড ক্যাম্প এবং ব্যবসায় প্রশাসন অনুষদ অডিটোরিয়ামে কর্মশালা ও প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে ফিতা কেটে লিগ্যাল এইড ক্যাম্পের উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম।চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনির সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সঞ্চালনা করেন চাকসুর আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক ফজলে রাব্বি তৌহিদ।
উদ্বোধনী বক্তব্যে উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন বলেন, শিক্ষার্থীদের আইনি অধিকার সম্পর্কে সচেতন করতে চাকসুর এ উদ্যোগ প্রশংসনীয়। সঠিক আইনি পরামর্শের অভাবে অনেক শিক্ষার্থী নানা সমস্যার মুখোমুখি হন। ক্যাম্পাসে এ ধরনের সেবা ও কর্মশালার আয়োজন তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করবে।
সভাপতির বক্তব্যে ইব্রাহীম হোসেন রনি বলেন, সাধারণ শিক্ষার্থীদের অধিকার ও কল্যাণে কাজ করতে চাকসু প্রতিশ্রুতিবদ্ধ। শিক্ষার্থীদের আইনি সচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় আইনি পরামর্শ সহজলভ্য করতেই এ আয়োজন করা হয়েছে।
দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীদের বিনামূল্যে আইনি পরামর্শ প্রদান করেন দুর্নীতি দমন কমিশনের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মুহাম্মদ কবির হোসাইন, চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সাইফুল আবেদীন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট এ. কে. করিম, সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবদুল্লাহ আল গালিব, অ্যাডভোকেট এ. বি. এম. ওমর আলী এবং অ্যাডভোকেট আবু হানিফ।
সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত লিগ্যাল এইড ক্যাম্প পরিচালিত হয়। পরে দুপুর ২টা থেকে আইনি সচেতনতামূলক কর্মশালা ও প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য সার্টিফিকেট, কুইজ প্রতিযোগিতা, নেটওয়ার্কিং সুযোগ এবং বিশেষ পুরস্কারের ব্যবস্থা রাখা হয়। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার ও অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।
চবি প্রতিনিধি
[sharethis-inline-buttons]
আপনার মতামত লিখুন :