• ঢাকা
  • শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১ জুন, ২০২৬
সর্বশেষ আপডেট : ১১ জুন, ২০২৬
Designed by Nagorikit.com

চবিতে পরীক্ষামূলকভাবে ফের চালু হলো জোবাইক সেবা

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

চবি প্রতিনিধি:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে শিক্ষার্থীদের যাতায়াত আরও সহজ, দ্রুত ও পরিবেশবান্ধব করতে চাকসুর উদ্যোগে পরীক্ষামূলকভাবে পুনরায় চালু করা হয়েছে জোবাইক সেবা। প্রাথমিকভাবে ১০টি ইলেকট্রিক প্যাডেল-অ্যাসিস্ট বাইক নিয়ে এ কার্যক্রম শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) বেলা ১১টায় চাকসু ভবনের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান এ সেবার উদ্বোধন করেন।

জানা গেছে, পরীক্ষামূলকভাবে ৪০ দিনের জন্য ১০টি প্যাডেল-অ্যাসিস্ট জোবাইক চালু করা হয়েছে। ক্যাম্পাসের পাঁচটি নির্ধারিত জোনে এসব বাইকের পার্কিং সুবিধা রাখা হয়েছে। শিক্ষার্থীরা জোবাইকের মোবাইল অ্যাপ ব্যবহার করে কিউআর কোড স্ক্যানের মাধ্যমে বাইক চালু ও বন্ধ করতে পারবেন।

পরীক্ষামূলক পর্যায়ে প্রতি মিনিটের ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ টাকা ৫০ পয়সা। ব্যবহারকারীদের সাড়া ও চাহিদা বিবেচনায় পরবর্তী পর্যায়ে প্রায় ১০০টি বাইক চালুর পরিকল্পনা রয়েছে। তখন শিক্ষার্থীদের জন্য প্রতি মিনিট ভাড়া ৮০ পয়সা নির্ধারণ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

চাকসুর যোগাযোগ ও আবাসনবিষয়ক সম্পাদক ইসহাক ভূঞা বলেন, ২০১৯-২০ শিক্ষাবর্ষে প্রথমবারের মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জোবাইক সেবা চালু হয়েছিল। তবে বিভিন্ন কারণে প্রায় পাঁচ বছর ধরে সেবাটি বন্ধ ছিল। শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পর দায়িত্ব গ্রহণের পর জোবাইকের সিইও মেহেদী রেজার সঙ্গে আলোচনা করে সেবাটি পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়।

জোবাইকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মেহেদী রেজা বলেন, ২০২৩ সালে শিক্ষার্থীরা জোবাইক পুনরায় চালুর দাবিতে একটি পিটিশন করেছিলেন। পরবর্তীতে চাকসু নেতাদের সঙ্গে আলোচনা ও দীর্ঘ প্রস্তুতির পর আবারও ক্যাম্পাসে জোবাইক ফিরেছে। এবার প্রচলিত সাইকেলের পাশাপাশি ইলেকট্রিক বাইক সেবাও যুক্ত করা হয়েছে।তিনি আরও জানান, আগামী ৪০ দিনের মধ্যে শিক্ষার্থীদের চাহিদার ভিত্তিতে ১০০টি প্যাডেল সাইকেলের পাশাপাশি আরও ৫০টি ই-বাইক সংযোজন করা হবে। পাশাপাশি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থানে প্রায় ২০টি নির্ধারিত পার্কিং পয়েন্ট স্থাপন এবং শিক্ষার্থীদের জন্য আধুনিক ‘জো ক্যাফে’ নির্মাণের পরিকল্পনাও রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান বলেন, “দ্বিতীয়বারের মতো জোবাইক সেবা চালু হওয়ায় আমি সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাই। প্রথমবার কিছু তিক্ত অভিজ্ঞতার কারণে প্রতিষ্ঠানটি ক্যাম্পাস ছাড়তে বাধ্য হয়েছিল। তবে এবার এমন পরিস্থিতির পুনরাবৃত্তি হবে না বলে আশা করি। শিক্ষার্থীরা দায়িত্বশীল ও সহযোগিতাপূর্ণ ভূমিকা পালন করবে বলে বিশ্বাস করি।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম, চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি, প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী, সহ-যোগাযোগ ও আবাসন সম্পাদক ওবাইদুল সালমান এবং গবেষণা ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক তানভীর আঞ্জুম শোভন।

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • ক্যাম্পাস এর আরও খবর