২০২৬-২৭ অর্থবছরের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৫০৩ কোটি ৪৭ লাখ টাকার রাজস্ব বাজেট অনুমোদন করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। বরাদ্দকৃত অর্থের পরিমাণ বিবেচনায় দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছে বিশ্ববিদ্যালয়টি।
গত বৃহস্পতিবার (১১ জুন) ইউজিসির ১৮৭তম পূর্ণ কমিশন সভায় দেশের ৫৮টি পাবলিক বিশ্ববিদ্যালয় ও ইউজিসির মোট ১২ হাজার ৩০০ কোটি ৪ লাখ টাকার বাজেট অনুমোদন করা হয়। এর মধ্যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর জন্য রাজস্ব ও উন্নয়ন খাতে মোট ১২ হাজার ১ কোটি ৮২ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।
ইউজিসির তথ্য অনুযায়ী, রাজস্ব বাজেটের দিক থেকে চারটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এ হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য অনুমোদিত ৫০৩ কোটি ৪৭ লাখ টাকার রাজস্ব বাজেট দেশের অন্যতম বৃহৎ বরাদ্দ।
বিশ্ববিদ্যালয়ের প্রায় ২৮ হাজার শিক্ষার্থীর হিসাব অনুযায়ী, এ বাজেটে মাথাপিছু একজন শিক্ষার্থীর জন্য বরাদ্দ দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ৭৯ হাজার ৮১০ টাকা। অর্থাৎ প্রতি শিক্ষার্থীর পেছনে বছরে প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা ব্যয়ের সুযোগ পাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।সংশ্লিষ্টরা বলছেন, শিক্ষা, গবেষণা, আবাসন, পরিবহন, স্বাস্থ্যসেবা ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় এ বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশেষ করে শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসন, গবেষণা অবকাঠামো উন্নয়ন এবং ক্যাম্পাসের নিরাপত্তা ও পরিবহন ব্যবস্থার উন্নয়নে বরাদ্দের কার্যকর ব্যবহার প্রত্যাশা করা হচ্ছে।এদিকে ২০২৬-২৭ অর্থবছরে গবেষণা খাতে নতুন কাঠামো গ্রহণ করেছে ইউজিসি।
বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা বাজেট এবং ইউজিসির গবেষণা বরাদ্দ একীভূত করার ফলে গবেষণা খাতে কেন্দ্রীয়ভাবে বরাদ্দ বেড়ে ২২৬ কোটি টাকায় উন্নীত হয়েছে। পাশাপাশি বৈদেশিক স্কলারশিপ খাতে আরও ১২ কোটি টাকা যুক্ত হওয়ায় এ খাতে মোট বরাদ্দ দাঁড়িয়েছে ২৩৮ কোটি টাকা।বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের মতে, বরাদ্দের পরিমাণ বৃদ্ধির পাশাপাশি এর স্বচ্ছ ও কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করা গেলে শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত উন্নয়নে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আরও এগিয়ে যাবে।
চবি প্রতিনিধি
[sharethis-inline-buttons]
আপনার মতামত লিখুন :