চবি প্রতিনিধি
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-র রুহের মাগফেরাত কামনায় নারী শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর বিরুদ্ধে। সোমবার (২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলে এ আয়োজন করা হয়।
জানা যায়, ইফতারের নির্ধারিত সময় ঘনিয়ে এলেও অনেক শিক্ষার্থীর হাতে ইফতারসামগ্রী পৌঁছায়নি। ফলে উল্লেখযোগ্য সংখ্যক ছাত্রী ইফতার না নিয়েই হল ত্যাগ করেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
ক্ষোভ প্রকাশ করে এক নারী শিক্ষার্থী বলেন, আমন্ত্রণ পেয়ে অংশগ্রহণ করলেও ইফতারের সময় পানিসহ প্রয়োজনীয় আয়োজন ছিল না। তার অভিযোগ, আয়োজকদের উচিত ছিল সম্ভাব্য উপস্থিতির সংখ্যা বিবেচনায় নিয়ে পরিকল্পনা করা। কয়েকজন শিক্ষার্থী দাবি করেন, অনেকে শেষ মুহূর্তে বাইরে থেকে ইফতার কিনে রোজা ভেঙেছেন।
আলিয়া ফারহানা নামের এক শিক্ষার্থী সামাজিক মাধ্যমে লিখেছেন, নির্ধারিত সময় পর্যন্ত অপেক্ষা করেও ইফতার পাননি। তার পোস্টে বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়।
এদিকে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করেছেন শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন। তিনি বলেন, প্রত্যাশার তুলনায় অধিক উপস্থিতির কারণে কেউ ইফতার থেকে বঞ্চিত হয়ে থাকলে সংগঠনের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখিত। ভবিষ্যতে আরও পরিকল্পিত ও সুশৃঙ্খল আয়োজনের প্রতিশ্রুতিও দেন তিনি।
শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়ও এক বিবৃতিতে বলেন, নারী শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত প্রথম কর্মসূচিতে প্রত্যাশার চেয়ে দ্বিগুণ সাড়া পাওয়া গেছে। অনাকাঙ্ক্ষিত ভুলত্রুটির জন্য তিনি দুঃখ প্রকাশ করে ভবিষ্যতে আরও ভালো আয়োজনের আশ্বাস দেন।
[sharethis-inline-buttons]
আপনার মতামত লিখুন :