চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ আব্দুর রব হলের ১৫টি কাঁঠাল গাছ থেকে সংগ্রহ করা প্রায় ১৫০টি কাঁঠাল শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেছে হল সংসদ।
বৃহস্পতিবার (১১ জুন) হল প্রাঙ্গণের গাছগুলো থেকে কাঁঠাল সংগ্রহ করা হয়। পরে সেগুলো সংরক্ষণ করে শুক্রবার সকালে হল সংসদের প্রতিনিধিদের মাধ্যমে শিক্ষার্থীদের রুমে রুমে পৌঁছে দেওয়া হয়।
হল সংসদ সূত্রে জানা যায়, সংগ্রহ করা কাঁঠাল প্রতিটি ফ্লোরের শিক্ষার্থী প্রতিনিধিদের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বণ্টন করা হয়েছে, যাতে সবাই সমানভাবে এর সুবিধা পায়। পাশাপাশি হলের ডাইনিংয়ে অনাবাসিক শিক্ষার্থীদের জন্য কাঁঠাল খাওয়ার ব্যবস্থাও করা হয়। এছাড়া হলের কর্মকর্তা-কর্মচারী এবং হলসংলগ্ন ঝুপড়ি দোকানের মালিকদের মাঝেও কাঁঠাল বিতরণ করা হয়েছে।
বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন হল সংসদের সহ-সভাপতি (ভিপি) বোরহান উদ্দীন, সাধারণ সম্পাদক (জিএস) মনির হোসেন, এজিএস আবু বক্কর, দপ্তর সম্পাদক সাকিব আল মাহমুদসহ অন্যান্য সম্পাদকবৃন্দ।
হল সংসদের ভিপি বোরহান উদ্দীন বলেন, বিগত বছরগুলোতে হলের কাঁঠাল গাছের ফল নিয়ম-শৃঙ্খলার অভাবে কিছু নির্দিষ্ট শিক্ষার্থী ও বাইরের লোকজন সংগ্রহ করে ফেলতেন। ফলে অধিকাংশ শিক্ষার্থী তাদের প্রাপ্য অংশ থেকে বঞ্চিত হতেন। এ সমস্যা সমাধানে এবার আগেভাগেই নোটিশ জারি করে কাঁঠাল পাড়া নিষিদ্ধ করা হয়। শিক্ষার্থীদের সহযোগিতায় ফলগুলো পরিপক্ব হওয়ার পর সংগ্রহ করা সম্ভব হয়েছে।
তিনি আরও বলেন, এবার প্রায় ১৫০টি কাঁঠাল সংগ্রহ করে হল সংসদের তত্ত্বাবধানে শিক্ষার্থীদের রুমে রুমে পৌঁছে দেওয়া হয়েছে, যাতে সবাই সমানভাবে এর সুবিধা ভোগ করতে পারে।
চবি প্রতিনিধি
[sharethis-inline-buttons]
আপনার মতামত লিখুন :