চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ইসলামি ছাত্রশিবিরের এক কর্মীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে এক নারী শিক্ষার্থীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগ ওঠার পর তার সঙ্গে সব ধরনের সম্পর্ক বিচ্ছিন্ন করার ঘোষণা দিয়েছে সংগঠনটি।
একই সঙ্গে অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ বিচার দাবি করে ভুক্তভোগীকে সহযোগিতার আশ্বাস দিয়েছে শাখা ছাত্রশিবির।
রোববার (২৪ মে) রাতে সংগঠনটির প্রচার সম্পাদক মেহেদী হাসান সোহান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আলী আহসান মুজাহিদ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক নারী শিক্ষার্থীকে উদ্দেশ্য করে অশালীন ও অশ্রাব্য ভাষায় মন্তব্য করেছেন। ছাত্রশিবির এ ঘটনার তীব্র নিন্দা, প্রতিবাদ এবং যথাযথ বিচার দাবি করছে।এতে আরও বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত স্ক্রিনশটে অভিযুক্তের মন্তব্যগুলো অত্যন্ত কুরুচিপূর্ণ ও সভ্য সমাজে অগ্রহণযোগ্য।
শাখা সভাপতি ইব্রাহীম হোসেন রনি ও সেক্রেটারি মোহাম্মদ পারভেজ এক যৌথ বিবৃতিতে বলেন, “ইসলামী ছাত্রশিবির শিক্ষার্থীদের নৈতিক, মানবিক ও উত্তম চরিত্রের মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে। কিন্তু আলী আহসান মুজাহিদের মন্তব্য ছাত্রশিবিরের আদর্শ ও লক্ষ্য-উদ্দেশ্যের সঙ্গে সাংঘর্ষিক।”তারা জানান, এ ঘটনার পর আলী আহসান মুজাহিদের সঙ্গে ছাত্রশিবিরের সব স্তরের জনশক্তির যোগাযোগ বিচ্ছিন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
এ বিষয়ে শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মোহাম্মদ পারভেজ বলেন, “তিনি আমাদের কর্মী হলেও দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় ছিলেন এবং অন্য কিছু সংগঠনের সঙ্গে সম্পৃক্ত হয়ে পড়েন। তার কোনো সাংগঠনিক পদ-পদবি না থাকায় বহিষ্কারের বিষয়টি প্রযোজ্য নয়। তবে তার সঙ্গে সব ধরনের সম্পর্ক বিচ্ছিন্ন করা হয়েছে।”
তিনি আরও বলেন, “ভুক্তভোগী শিক্ষার্থী আইনগত বা প্রশাসনিক কোনো সহায়তা চাইলে চবি ছাত্রশিবির প্রয়োজনীয় সহযোগিতা করবে।”
চবি প্রতিনিধি
[sharethis-inline-buttons]
আপনার মতামত লিখুন :