কক্সবাজার সফরকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও সংকটের বিষয় তুলে ধরেন তিনি।
শনিবার (১৩ জুন) দুপুরে জুলাই আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত শেষে ফেরার পথে দূর থেকে নোমানকে দেখে কাছে ডেকে নেন প্রধানমন্ত্রী। পরে তাকে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে নিয়ে যান। এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জোবাইদা রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
জানা যায়, শহীদ ওয়াসিম আকরাম চবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমানের কর্মী ছিলেন। জুলাই আন্দোলনে শহীদ হওয়ার আগ পর্যন্ত তিনি নোমানের সঙ্গে আন্দোলনের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেন।
সাক্ষাৎ শেষে আবদুল্লাহ আল নোমান বলেন, প্রধানমন্ত্রী তাঁর স্বাস্থ্যের খোঁজখবর নেওয়ার পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে চান।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হয়েছে। বিশেষ করে শিক্ষার্থীদের যাতায়াতের অন্যতম মাধ্যম শাটল ট্রেনের সংকট, দীর্ঘদিনের দুর্ভোগ এবং আবাসন সমস্যার বিষয় গুরুত্বের সঙ্গে অবহিত করা হয়েছে।নোমান জানান, প্রধানমন্ত্রী বিষয়গুলো মনোযোগ সহকারে শুনেছেন এবং তাঁর একান্ত সচিবকে প্রয়োজনীয় নোট নেওয়ার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি শিক্ষার্থীদের সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাসও দিয়েছেন।
চবি প্রতিনিধি
[sharethis-inline-buttons]
আপনার মতামত লিখুন :