• ঢাকা
  • মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১ জুন, ২০২৬
সর্বশেষ আপডেট : ১ জুন, ২০২৬
Designed by Nagorikit.com

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় একই দিনে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু, শোকের ছায়া

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

কুমিল্লার চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় মাত্র ছয় ঘণ্টার ব্যবধানে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১ জুন) সকাল ৮টা থেকে দুপুর ২টার মধ্যে তাদের চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
নিহত শিশুরা হলো— চৌদ্দগ্রাম পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও পর্তুগাল প্রবাসী মো. মিজানুর রহমানের ছেলে আয়ান (১২), উপজেলার কনকাপৈত ইউনিয়নের কালকোট গ্রামের মোল্লা বাড়ির সৌদি প্রবাসী ফরহাদ ইবনে মোস্তফার ছেলে মোহাম্মদ (২) এবং মুন্সীরহাট ইউনিয়নের বাংপাই গ্রামের মাইক্রোচালক মো. হাসানের ছেলে শাহাদাত (৬)।
জানা গেছে, নিহত আয়ান কুমিল্লার একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। ঈদুল আজহার ছুটিতে সে গ্রামের বাড়িতে বেড়াতে আসে। সোমবার সকালে বন্ধুদের সঙ্গে খেলাধুলা শেষে কবরস্থান সংলগ্ন পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে পানিতে ডুবে গেলে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, মুন্সীরহাট ইউনিয়নের বাংপাই গ্রামের বাসিন্দা মো. হাসান স্বপরিবারে পাশ্ববর্তী জুগিরহাট এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। সোমবার সকালে তার ছেলে শাহাদাত বাসার উঠানে খেলছিল। কিছু সময় পর তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা ব্যাপক খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশের ডাকাতিয়া নদী থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শাহাদাত স্থানীয় মারকাজুল উলুম মাদরাসার শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।
এদিকে, কনকাপৈত ইউনিয়নের কালকোট মোল্লা বাড়ির শিশু মোহাম্মদকে সোমবার দুপুরে দীর্ঘ সময় খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা ব্যাপক অনুসন্ধান চালান। পরে বাড়ির ভেতরের নিজস্ব পুকুর থেকে তাকে উদ্ধার করা হয়। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
একই দিনে মাত্র ছয় ঘণ্টার ব্যবধানে তিন শিশুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পুরো চৌদ্দগ্রামে শোকের আবহ সৃষ্টি হয়। নিহত পরিবারগুলোতে নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়দের মাঝেও দেখা দিয়েছে গভীর উদ্বেগ।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশিদ আহমেদ চৌধুরী তোফায়েল বলেন, “পৃথক ঘটনায় পানিতে ডুবে যাওয়া তিন শিশুকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষার পর তাদের মৃত ঘোষণা করেন।”
তিনি আরও বলেন, “সাম্প্রতিক সময়ে পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনা বাড়ছে। অধিকাংশ ক্ষেত্রে অসাবধানতা ও পর্যাপ্ত তদারকির অভাবে এ ধরনের দুর্ঘটনা ঘটে। শিশুদের নিরাপত্তায় অভিভাবকদের আরও সচেতন হতে হবে।”
চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাৎ হোসেন বলেন, “সকাল থেকে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাগুলোর বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।”

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • কুমিল্লা এর আরও খবর