মোঃ হুমায়ুন কবির মানিকঃ
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার খিলা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী রেফায়েত হোসেন ভূঁইয়া সেলিম। নিজের গ্রাম থেকে শুরু করে পাড়া-মহল্লা ও দোকানপাটে ছুটে বেড়িয়ে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়, দোয়া ও সমর্থন চেয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। তার ধারাবাহিক গণসংযোগে খিলার মাঠে বইছে নির্বাচনী হাওয়া।
সোমবার বিকেলে সাতেশ্বরের হাজী বাড়ি জামে মসজিদে আসরের নামাজ আদায় ও দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণার সূচনা করেন রেফায়েত হোসেন ভূঁইয়া সেলিম। এরপর নিজ গ্রাম সাতেশ্বর ও পাশের উল্লাপাড়া গ্রামের বিভিন্ন দোকানপাট, বাড়ি ও পাড়া-মহল্লায় ঘুরে মানুষের সঙ্গে কথা বলেন। তুলে ধরেন নিজের প্রত্যাশা ও ইউনিয়নকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার কথা। একই সঙ্গে সাধারণ মানুষের কাছে চান দোয়া ও সমর্থন।
নির্বাচনী মাঠে সেলিমের এই সক্রিয় উপস্থিতি ঘিরে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যেও তৈরি হয়েছে আলোচনা। প্রচারণায় তার সঙ্গে ছিলেন ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হারুন ফারাজি, গ্রামের প্রবীণ মুরুব্বি আব্দুল কাদের মজুমদার, আব্দুল মতিন মেম্বার, কাদির ফরাজি, রুহুল আমিন, আব্দুর রহিম, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দেলু, ওয়ার্ড যুবদলের সভাপতি ইমরান হোসেন, যুবদল নেতা আনোয়ার হোসেন ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জামাল হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
রেফায়েত হোসেন ভূঁইয়া সেলিম বলেন, দল যদি আমাকে মনোনয়ন দেয়, তাহলে আমি নির্বাচন করব। আমি খিলা ইউনিয়নবাসীর সেবা করতে চাই। জীবনের শেষ বয়সে মানুষের সেবা করে ইবাদতে শামিল হতে চাই।
তিনি বলেন, খিলা ইউনিয়নের মানুষকে সঙ্গে নিয়ে একটি সুন্দর, আধুনিক ও মানবিক ইউনিয়ন গড়ে তুলতে চাই। মানুষের সুখে-দুঃখে পাশে থাকাই হবে আমার প্রধান লক্ষ্য।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে প্রার্থীদের মাঠপর্যায়ের তৎপরতা যত বাড়ছে, ততই সরগরম হয়ে উঠছে খিলার রাজনীতি। এরই মধ্যে নিজের ঘর থেকে গণসংযোগ শুরু করে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন রেফায়েত হোসেন ভূঁইয়া সেলিম। এখন দলীয় মনোনয়নের সিদ্ধান্ত এবং নির্বাচনী মাঠে তার পরবর্তী কৌশলের দিকেই তাকিয়ে স্থানীয় নেতাকর্মী ও ভোটাররা।
[sharethis-inline-buttons]
আপনার মতামত লিখুন :