• ঢাকা
  • সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৬ মার্চ, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৬ মার্চ, ২০২৬
Designed by Nagorikit.com

লটারি পদ্ধতি বাতিল হতে পারে, ২০২৭ সালে সিদ্ধান্ত

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]


দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে চালু থাকা লটারি পদ্ধতি বাতিল করে আবার পরীক্ষাভিত্তিক ভর্তি প্রক্রিয়ায় ফেরার বিষয়ে সরকার ভাবছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সোমবার (১৬ মার্চ) সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত “নির্বাচনী ইশতিহারের আলোকে আগামী দিনের শিক্ষাখাত” শীর্ষক সেমিনারে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহাদী আমিন বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতির পরিবর্তে পরীক্ষাভিত্তিক পদ্ধতিতে ফেরার বিষয়ে সরকার গুরুত্বের সঙ্গে ভাবছে।
এর আগে রোববার সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি মেধাকে অবমূল্যায়ন করছে কি না—সে প্রশ্ন তোলেন। জবাবে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেন, লটারি পদ্ধতি কতটা কার্যকর তা সরকার গুরুত্বের সঙ্গে পুনর্বিবেচনা করছে এবং প্রয়োজন হলে এটি বাতিল করার বিষয়টিও সক্রিয়ভাবে বিবেচনায় রয়েছে।
মন্ত্রী জানান, লটারি পদ্ধতি বাতিল করে পুনরায় মেধাভিত্তিক ভর্তি পরীক্ষা চালু করা হবে কি না—সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ২০২৭ সালে। এ জন্য অভিভাবক ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে সেমিনার ও আলোচনার মাধ্যমে মতামত সংগ্রহ করা হবে এবং সবার মতামতের ভিত্তিতেই ২০২৭ সালের জানুয়ারির ভর্তি প্রক্রিয়া নির্ধারণ করা হবে।
তিনি আরও জানান, বড় শহরগুলোতে ভর্তির তীব্র প্রতিযোগিতার কারণে আগের সরকার লটারি পদ্ধতি চালু করলেও এর যৌক্তিকতা নিয়ে বর্তমান সরকার পুনর্বিবেচনা করছে।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাখাতে জনবল সংকট নিরসনে দেশে ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। যদিও নিয়োগের যোগ্যতা ও সনদ নিয়ে কিছু আইনি জটিলতা রয়েছে, তবে দ্রুতই এ প্রক্রিয়া সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি। তিনি স্পষ্ট করেন, ধর্মীয় শিক্ষা বলতে শুধু ইসলাম নয়, বরং সব ধর্মের অনুভূতিকে গুরুত্ব দিয়েই সরকার কাজ করছে।
এছাড়া সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, বর্তমানে দেশে ৫৭টি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে। নতুন বিশ্ববিদ্যালয় স্থাপনের চেয়ে বিদ্যমান বিশ্ববিদ্যালয়গুলোর মানোন্নয়নে সরকার বেশি গুরুত্ব দিচ্ছে।
শিক্ষামন্ত্রীর বক্তব্যে ধারণা করা হচ্ছে, দেশের শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের আভাস মিলছে এবং মেধাভিত্তিক ভর্তি ব্যবস্থা পুনরায় চালুর সম্ভাবনা জোরালো হচ্ছে, যা ২০২৭ সাল থেকে কার্যকর হতে পারে।

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • শিক্ষা এর আরও খবর