ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় বিষাক্ত সাপের কামড়ে সেক আব্দুল্লাহ (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২০ জুন) দুপুর ১২টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আব্দুল্লাহ উপজেলার গাজিরটেক ইউনিয়নের চর অমরাপুর গ্রামের সেক শাহেদের ছেলে। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে সে ছিল সবার ছোট।পরিবার সূত্রে জানা যায়, শনিবার সকাল ৯টার দিকে বাড়ির পেছনে খেলাধুলা করার সময় একটি কংক্রিটের স্ল্যাবের নিচে থাকা বিষাক্ত সাপ শিশুটির পায়ে কামড় দেয়। পরে সে বাড়িতে এসে মাকে জানায়, তাকে ‘ব্যাঙে কামড় দিয়েছে’।
প্রথমে বিষয়টি গুরুত্বের সঙ্গে না নিয়ে পরিবারের সদস্যরা তাকে স্থানীয় ঝাড়ফুঁককারী এক ফকিরের কাছে নিয়ে যান। শিশুটির চাচি আখি আক্তার জানান, স্থানীয় শহীদ ফকির নামে এক ব্যক্তি পরীক্ষা-নিরীক্ষার পর এটি সাপের কামড় নয় বলে জানান। তার কথায় আশ্বস্ত হয়ে কিছু সময় সেখানে অবস্থান করা হয়।তবে অল্প সময়ের মধ্যেই আব্দুল্লাহর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করলে পরিবারের সদস্যরা তাকে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা চেষ্টা চালালেও দুপুরের দিকে তার মৃত্যু হয়।
গাজিরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াকুব আলী বলেন, “প্রথমে শিশুটিকে স্থানীয় এক ফকিরের কাছে নেওয়া হয়েছিল। পরে অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।”স্থানীয়দের মতে, সাপের কামড়ের পর দ্রুত হাসপাতালে নেওয়ার পরিবর্তে ঝাড়ফুঁকের ওপর নির্ভর করায় মূল্যবান সময় নষ্ট হয়েছে।
[sharethis-inline-buttons]
আপনার মতামত লিখুন :