• ঢাকা
  • রবিবার, ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১ জুলাই, ২০২৬
সর্বশেষ আপডেট : ১১ জুলাই, ২০২৬
Designed by Nagorikit.com

কবিতা- রাত

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

মাইমুনূর রহমান মিলা :

দিনের সকল শব্দ যখন ক্লান্ত হয়ে থামে,
রাত তখন নিঃশব্দ হয়ে ডাকে নিজস্ব নামে।
সূর্য যখন শেষ স্বাক্ষর রাখে রক্তিম সন্ধ্যাপাতে,
চাঁদটি এসে খুলে বসে নীল বিষাদের খাতে।

তারারাও কি আলো শুধু?—নাকি জমা ক্ষত?
দূর আকাশে জ্বলে থাকে নীরবে অভিমানরত।
যে আলোকে আমরা বলি সৌন্দর্যের-ই ভাষা,
সে আলোরও জন্ম নাকি অন্ধকারের -ই আশা।

রাত জানে কার চোখেতে লুকিয়ে আছে,
কতো অশ্রুর ঢেউ
কার ঠোঁটেতে আছে হাসি
আছে হৃদয়জুড়ে ঢেউ।
কত মানুষ দিনের বেলা অভিনয়ে মাতে,
রাত নামিলে মুখোমুখি দাঁড়ায় নিজের সাথে।

শহর যখন আলো গোনে কাঁচের জানালায়,
কত জীবন একলা বসে অন্ধকার-ই গায়।
হাসির নিচে চাপা পড়া দীর্ঘশ্বাসের শব্দ
রাতের কাছে পৌঁছে গিয়ে হয় নক্ষত্র-অর্ঘ্য।

ঘুমিয়ে পড়ে রাজপথ, থামে বাজার-ডাক,
জেগে থাকে কেবল কিছু অসমাপ্ত স্বপ্নের বাক।
যে কথাটি বলা হলো না দিনের কোলাহলে,
রাত সেটিকে বুকে রাখে শিশিরভেজা তলে।

নদী বয়ে যায় নীরব সুরে চাঁদের ছায়া বুকে,
হারিয়ে যাওয়া কত নাম-ই ভেসে আসে সুখে।
বাতাস যেন পুরোনো সব চিঠি খুলে পড়ে,
যেখানে কিছু অশ্রুবিন্দু শুকিয়ে গেছে ঝরে।

রাত কখনো প্রশ্ন করে না—শোনে শুধু চুপ,
ভাঙা মনের ভেতর গিয়ে খোঁজে আলোর রূপ।
কাঁদতে জানে যে মানুষটি, সে-ই শক্তিমান,
অশ্রুর ভেতর জন্ম নেয় আগামী ভোরের গান।

ভোরের আগে ঘন আঁধার সত্যি যদি হয়,
তবে কেনই বা অন্ধকারে এত মানুষের ক্ষয়?
হয়তো তারা আলো খোঁজে বাইরেরই দ্বারে,
নিজের ভেতর জ্বলা প্রদীপ ভুলে যায় যে ভাড়ে।

চাঁদের গায়ে দাগ রয়েছে—তবু সে বিলায় পূর্ণিমা,
নদী ভাঙে, তবু সে জানে সাগর-ই তার সীমা।
মানুষ কেন ক্ষত পেলেই ভেঙে পড়ে যায়?
রাত নীরবে উত্তর লেখে—”ক্ষতই আলো চায়।”

যে পাখিটি সন্ধ্যা শেষে ফিরতে পারে নীড়ে,
মানুষ কেন হারায় তবে নিজের অন্তঃনীড়ে?
দূরের পথে হাঁটতে গিয়ে কাছের মানুষ হারায়,
শেষ বিকেলে বুঝতে শেখে—শূন্যতাই দুঃখ সাড়ায়।

রাত ফুরোয়, ভোরের রঙে জেগে ওঠে প্রাণ,
আলো এসে মুছে দেয় না রাতের সবই দান।
প্রতিটি রাতের ভেতর লুকিয়ে থাকে ক্ষত-
যেখানে মানুষ প্রথম শোনে নিজেরই হৃদস্পন্দন।
তাই……
যদি কোনো একদিন পথ হারিয়ে যাও,
রাতকে শুধু অন্ধকার ভেবে দূরে সরিও না কভু।
রাতের নীরবতার গভীরতায় কানটি একবার দিও-
দেখবে,
সবচেয়ে সত্য কথাগুলো
রাতই প্রথম বলেছিল,
তুমি-ই শুধু শুনোনি কোনোদিনো।

[sharethis-inline-buttons]

আরও পড়ুন