• ঢাকা
  • শুক্রবার, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৭ জুন, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৭ জুন, ২০২৬
Designed by Nagorikit.com

কুবিতে দক্ষতা উন্নয়নমূলক সেমিনার ‘স্পিক-আপ’ অনুষ্ঠিত

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

কুবি প্রতিনিধি :

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শিক্ষার্থীদের যোগাযোগ দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ ক্যারিয়ার গড়ার লক্ষ্যে ‘SpeakUP: Building Voices, Inspiring Impact’ শীর্ষক একটি বিশেষ দক্ষতা উন্নয়নমূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ জুন) বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের সেমিনার কক্ষে রোটার‍্যাক্ট ক্লাব অব কুমিল্লা ইউনিভার্সিটি এবং কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির যৌথ উদ্যােগে এই সেমিনারটি আয়োজন করা হয়েছে।

​সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. ময়নুল হাসান। তিনি ‘Public Speaking & Presentation Mastery’ বিষয়ের ওপর আলোচনা করেন। এ সময় শিক্ষার্থীদের কার্যকর উপস্থাপনা, আত্মবিশ্বাস বৃদ্ধি ও শ্রোতাদের সাথে সফলভাবে সংযোগ স্থাপনের বিভিন্ন আধুনিক কৌশল তুলে ধরেন তিনি।

সেশনে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাবেক সহ-সভাপতি এবং ময়নামতি ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক সোহাগ আহমেদ। তিনি ‘Boosting Your Spoken English Through BP Debate’ বিষয়ে আলোচনা করেন। ব্রিটিশ পার্লামেন্টারি (বিপি) ডিবেটের মাধ্যমে ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন, সমালোচনামূলক চিন্তাভাবনা ও যুক্তি উপস্থাপনের কৌশল নিয়ে তিনি শিক্ষার্থীদের মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন।

এই সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব বিকাশ এবং ভবিষ্যৎ ক্যারিয়ার প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আয়োজকরা।

সেমিনারের আয়োজক রোটার‍্যাক্ট ক্লাব অব কুমিল্লা ইউনিভার্সিটির সভাপতি নাজমুস সাকিব বলেন, “বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শুধুমাত্র জ্ঞান অর্জনই যথেষ্ট নয়, বরং সেই জ্ঞানকে আত্মবিশ্বাসের সাথে উপস্থাপন করার দক্ষতাও সমান গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয় জীবনে অর্জিত প্রেজেন্টেশন দক্ষতা ভবিষ্যৎ শিক্ষা, চাকরি এবং নেতৃত্বের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের দক্ষ যোগাযোগকারী হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে।”

​কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সভাপতি আবদুর রহমান আস সাদি বলেন, “ইংরেজিতে সাবলীলভাবে কথা বলা এবং নিজের মতামত উপস্থাপনের জন্য নিয়মিত বিতর্কের কোনো বিকল্প নেই। বিতর্কের মাধ্যমে একজন শিক্ষার্থী ভাষাগত দক্ষতার পাশাপাশি সমালোচনামূলক চিন্তাভাবনা ও যুক্তি বিশ্লেষণের সক্ষমতা অর্জন করে। এই ধারাবাহিক চর্চায় শিক্ষার্থীরা বৈশ্বিক পরিসরে প্রতিযোগিতার জন্য প্রস্তুত হবে।”

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • ক্যাম্পাস এর আরও খবর