নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা: কুমিল্লার কাটাবিলে স্কুলছাত্র ইথান আহমেদ গুলিবিদ্ধ হওয়ার বহুল আলোচিত ঘটনায় অভিযুক্ত সন্ত্রাসী ও অপু গ্রুপের প্রধান আবু হানিফ ওরফে অপুকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
এ সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনায় ব্যবহৃত একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ৬ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ২৪ জুন রাত থেকে কাটাবিল এলাকায় মাদক ব্যবসাকে কেন্দ্র করে স্থানীয় ‘অপু গ্রুপ’ ও ‘সাব্বির গ্রুপ’-এর মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এর জেরে ২৫ জুন দুপুরে দুই পক্ষের মধ্যে প্রকাশ্যে সশস্ত্র সংঘর্ষ ও গুলিবিনিময়ের ঘটনা ঘটে।
এ সময় ইথান আহমেদ, রফিক উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়-এর ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী, গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়।
ঘটনাটি দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করলে কুমিল্লার পুলিশ সুপারের সরাসরি তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সংশ্লিষ্ট থানা পুলিশ বিশেষ অভিযান শুরু করে। অভিযান চালিয়ে কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে এরই মধ্যে চারজনকে গ্রেফতার এবং একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
তবে ঘটনার মূলহোতা ও অপু সিন্ডিকেটের প্রধান আবু হানিফ ওরফে অপু আত্মগোপনে থাকায় তাকে গ্রেফতার করতে কিছুটা সময় লাগে। পরে আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় দেশের বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে ১ জুলাই রাত আনুমানিক ৩টার দিকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লা কোতোয়ালী থানার জগন্নাথপুর এলাকা থেকে সংঘর্ষের দিন ব্যবহৃত একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ৬ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।পুলিশের তথ্যমতে, গ্রেফতার হওয়া আবু হানিফ ওরফে অপুর বিরুদ্ধে অস্ত্র, মাদকসহ বিভিন্ন অভিযোগে মোট ২৫টি মামলা রয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রের ঘটনায় তার বিরুদ্ধে পৃথক অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
[sharethis-inline-buttons]
আপনার মতামত লিখুন :