রাকিব হোসেন।।কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী একটি সিএনজি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দিয়ে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের পুকুরে পড়ে যায়। এ ঘটনায় সিএনজি অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।
বুধবার (৮ জুলাই) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার নূরীতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন, কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার পাঁচকিত্তা গ্রামের আব্দুল মান্নানের ছেলে সিএনজি অটোরিকশা চালক হানিফ মিয়া (৩৫) এবং পাশের দেবিদ্বার উপজেলার দাঁড়িয়াপুর গ্রামের মনির হোসেনের ছেলে লাবিব হোসেন (১৫)।আহত সজীব হোসেন (২৪) দেবিদ্বার উপজেলার দাঁড়িয়াপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। তিনি নিহত লাবিবের মামাতো ভাই।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বৃষ্টির মধ্যে মাধাইয়া থেকে ছেড়ে আসা সিএনজি অটোরিকশাটি নূরীতলা এলাকায় পৌঁছালে চট্টগ্রামমুখী একটি লরি পেছন থেকে ধাক্কা দেয়। এতে সিএনজি অটোরিকশা ও লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়।স্থানীয়রা সিএনজি অটোরিকশাতে আটকে থাকা চালক ও যাত্রীদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে কুমিল্লার বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চালক হানিফ মিয়া ও যাত্রী লাবিব হোসেনের মৃত্যু হয়।
ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন সিকদার বলেন, দুর্ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় আহত তিনজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
[sharethis-inline-buttons]
আপনার মতামত লিখুন :