রুবেল মজুমদার।।
সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে কুমিল্লার ইতিহাসে প্রথম নারী মেয়র হলেন ডাক্তার তাহসিন বাহার সূচনা। আর এই উপ-নির্বাচনে শনিবার রাত ৭ টায় সূচনা’কে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেছে নির্বাচন কমিশন, আর কুমিল্লা নগরবাসী পেল প্রথমবারের মতো নারী মেয়র।
আজ শনিবার (৯ মার্চ) সন্ধ্যা ৭ টায় নগরীর জিলা স্কুলের অডিটোরিয়ামে ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রে বেসরকারীভাবে বিজয় ঘোষণা করেন এ উপ-নির্বাচনের রির্টানিং কর্মকর্তা মোঃ ফরহাদ হোসেন।
১০৫টি কেন্দ্রে বেসরকারিভাবে ঘোষিত ফলাফল অনুযায়ী, বাস প্রতীকের প্রার্থী ডা. তাহসিন বাহার সূচনা ২১ হাজার ৯৯৩ ভোট বেশি পেয়ে নির্বাচনে জয়লাভ করেন।
টান টান উত্তেজনার মধ্য দিয়ে চার মেয়র প্রার্থীর প্রচার-প্রচারণা শেষে ২৭ টি ওয়ার্ডে ১০৫টি কেন্দ্রের ইভিএম পদ্ধতিতে গতকাল শনিবার (৯ মার্চ) ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বাস প্রতীকের সমর্থকদের সাথে ঘোড়া প্রতীকের প্রার্থী নিজাম উদ্দিন কায়সারের সমর্থকদের মাঝে সংঘর্ষের ঘটনায় দুজন গুলিবিদ্ধ হওয়ার অভিযোগ ও কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এই উপ-নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। বিশাল ব্যবধানে বিজয়ী হলেন নগর আওয়ামীলীগের সমর্থিত বাস প্রতীকের প্রার্থী ডা. তাহসিন বাহার সূচনা।
এর আগে নিজেকে রাজনীতির সঙ্গে যুক্ত রাখলেও, ভোটের মাঠে সূচনা এবারই প্রথম, আর প্রথম বারেই বাজিমাত করলেন তিনি। বিজয়ী হয়ে ফিরলেন ঘরে।
বাবা স্থানীয় সংসদ সদস্য হওয়ায়, রাজনীতির সঙ্গে বহু আগে থেকেই যুক্ত সূচনা। সর্বশেষ মহানগর আওয়ামীলীগের কমিটিতে তিনি সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন। এছাড়াও তিনি সামাজিক সংগঠন জাগ্রত মানবিকতার সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
উল্লখ্য ২০১২ সালে গঠিত হওয়া এই সিটি কর্পোরেশনে টানা দুইবার মেয়র নির্বাচিত হন বহিষ্কৃত বিএনপি নেতা মনিরুল হক সাক্কু। পরে ২০২২ সালের ১৫ জুন তৃতীয়বারে এসে মেয়র নির্বাচিত হন আরফানুল হক রিফাত। কিন্তু, বেশীদিন স্থায়ী হতে পারেন নি রিফাত। ২০২৩ সালের ১৩ ডিসেম্বর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাভেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। পরে বিধি অনুযায়ী, ৯০ দিনের মধ্যেই কুমিল্লা সিটি কর্পোরেশন উপ-নির্বাচনের তফশিল ঘোষণা করেন নির্বাচন কমিশিন। গতকাল ৯ মার্চ এই উপনির্বাচনের ভোটগ্রহণের তারিখ ধার্য্য করা হয়।
[sharethis-inline-buttons]
আপনার মতামত লিখুন :