কুবি প্রতিনিধি:
১১ জুলাইকে ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’ হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে দিনটিকে বিশ্ববিদ্যালয়ের বার্ষিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
সোমবার (২৯ জুন) বিশ্ববিদ্যালয়ের ১১০তম সিন্ডিকেট সভায় এক প্রস্তাবের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) নুরুল করিম চৌধুরী।
তিনি বলেন, “২০২৪ সালের ১১ জুলাই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছিল, তা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। সেই ঘটনার স্মৃতি সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতেই দিনটিকে ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছে।”
তিনি আরও বলেন, “গত বছর দিবসটি অনানুষ্ঠানিকভাবে পালিত হয়েছিল। এবার বিশ্ববিদ্যালয়ের বার্ষিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত হওয়ায় এটি আনুষ্ঠানিকভাবে পালন করা হবে। এ উপলক্ষে একটি প্রস্তুতি কমিটিও গঠন করা হয়েছে।”
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ১১ জুলাই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সারাদেশে প্রথম পুলিশি হামলার শিকার হন। সেদিন ক্যাম্পাস সংলগ্ন আনসার ক্যাম্প (ছাত্র আন্দোলন চত্বর) এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ও কাঁদুনে গ্যাস নিক্ষেপ করা হলে একাধিক শিক্ষার্থী ও সাংবাদিক আহত হন।
[sharethis-inline-buttons]
আপনার মতামত লিখুন :