কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা নগরীর বাদুরতলা এলাকায় অবস্থিত মেডিকমপ্লেক্স ও সৌহার্দ্য হাসপাতালের এক কম্পিউটার অপারেটরের বিরুদ্ধে প্রায় এক কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগের পর থেকেই ওই কর্মচারী কর্মস্থল থেকে নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
অভিযুক্ত কংকন চক্রবর্তী (এনআইডি নং- ৪১৫৯৮২৯৪১৭)। তার পিতা মৃত পান্তিরঞ্জন চক্রবর্তী এবং মাতা শিথ চক্রবর্তী। তার ঠিকানা কুমিল্লা শহরের বাদুরতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০।
হাসপাতাল সূত্রে জানা যায়, কংকন চক্রবর্তী মেডিকমপ্লেক্স ও সৌহার্দ্য হাসপাতালে কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। গত ২৫ ফেব্রুয়ারি থেকে তিনি কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। এরই মধ্যে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে অভিযোগ পাওয়া গেছে যে, মেডিকমপ্লেক্সের অভ্যন্তরীণ কার্যক্রম, সরকারি বিল পরিশোধ এবং হাসপাতালের নামে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে তিনি বিপুল পরিমাণ অর্থ গ্রহণ করেছেন।
অভিযোগ রয়েছে, এসব লেনদেনের মাধ্যমে তিনি সর্বসাকুল্যে আনুমানিক এক কোটি টাকার বেশি অর্থ আত্মসাৎ করেছেন। বিষয়টি বর্তমানে প্রাতিষ্ঠানিকভাবে তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ সর্বসাধারণের অবগতির জন্য সতর্কবার্তা দিয়ে জানিয়েছে, পলাতক কংকন চক্রবর্তীর সঙ্গে মেডিকমপ্লেক্সের নামে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে। যদি কেউ তার সঙ্গে ব্যক্তিগতভাবে কোনো লেনদেন করেন, সে ক্ষেত্রে তার দায়ভার মেডিকমপ্লেক্স কর্তৃপক্ষ বহন করবে না।
হাসপাতাল কর্তৃপক্ষ আরও জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং বিষয়টি নিয়ে প্রয়োজনীয় তদন্ত অব্যাহত আছে।
আপনার মতামত লিখুন :