চবি প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের মোটরসাইকেল শোডাউনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি ঘিরে ক্যাম্পাসে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
সোমবার (২২ জুন) ছড়িয়ে পড়া ভিডিওতে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট, শহীদ মিনার ও রেলক্রসিং এলাকায় ৭ থেকে ৮টি মোটরসাইকেল নিয়ে কয়েকজনকে শোডাউন দিতে দেখা যায়। ভিডিওতে আশপাশে তেমন মানুষের উপস্থিতি না থাকায় ধারণা করা হচ্ছে, এটি সকালের কোনো এক সময়ে ধারণ করা হয়েছে।
ভিডিওতে অংশগ্রহণকারীদের ‘মুজিব আমার চেতনা, মুজিব আমার বিশ্বাস’, ‘শেখ শেখ মুজিব’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগান দিতে শোনা যায়।এছাড়া ভিডিওতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আবরার শাহরিয়ারকে শোডাউনে নেতৃত্ব দিতে এবং বক্তব্য রাখতে দেখা যায়।
বক্তব্যে তিনি দাবি করেন, ‘৫ আগস্টের সময় ষড়যন্ত্র করে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কথা দিয়েছিলাম, আমরা ফিরে আসব। আমরা কথা রেখেছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে কোনোদিন জামায়াত-শিবিরের রাজাকারদের মিনি ক্যান্টনমেন্ট বা আতুড়ঘর হতে দেব না।’
তবে ভিডিওটি ঠিক কবে ধারণ করা হয়েছে, সে বিষয়ে এখনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন বলেন, “ভিডিওটি আমি দেখেছি। তবে এটি কখন ধারণ করা হয়েছে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। সত্যতা নিশ্চিত হওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
[sharethis-inline-buttons]
আপনার মতামত লিখুন :