চৌদ্দগ্রাম, কুমিল্লা – দুর্নীতি দমন কমিশনের সহযোগিতায় এবং উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে অনুষ্ঠিত “দুর্নীতি বিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতা এবং মতবিনিময় সভা–২০২৫”-এ চৌদ্দগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অসাধারণ সাফল্য অর্জন করেছে।
২০ মে ২০২৫, মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় প্রথম স্থান এবং রচনা প্রতিযোগিতাতেও প্রথম স্থান অর্জন করে সবার দৃষ্টি আকর্ষণ করে।
অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেন সহকারী কমিশনার (ভূমি) ও এসিল্যান্ড জনাবা জাকিয়া সরওয়ার লিমা সহ অন্যান্য কর্মকর্তা ও অতিথিবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ জামাল হোসেন, এবং বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব এ. কে. এম মীর হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জনাব মোতাহার হোসেন জামাল।
অনুষ্ঠানে বক্তারা দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও নৈতিক শিক্ষার চর্চা চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
চৌদ্দগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এই অর্জনকে বিদ্যালয়ের জন্য গর্বের বিষয় উল্লেখ করে বলেন, “এই সাফল্য আমাদের ছাত্রছাত্রীদের কঠোর পরিশ্রম ও শিক্ষকদের দিকনির্দেশনার ফসল। আমরা আগামীতেও এমন সৃজনশীল কার্যক্রমে অংশগ্রহণ অব্যাহত রাখবো।”

আপনার মতামত লিখুন :