স্টাফ রিপোর্টার||
কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার সুয়াগঞ্জ বাজার ভাগালপুর গ্রামে টিকটক ভিডিওকে কেন্দ্র করে বাড়িঘর ভাংচুর ও গৃহবধুসহ ২ জন আহত হওয়ার অভিযোগ উঠেছে।
এই ঘটনায় আহত গৃহবধু পারভীন আকতার পার্শ্ববর্তী জোলাই দক্ষিণ রাজাপুর গ্রামের মৃত নূরু মিয়ার ছেলে জামাল হোসেন (৪০) ও জামাল হোসেনের ছেলে মোঃ আল আমিন ও সালাম মিয়ার দুই ছেলে মেশকাত ও শামীম, সিরাজ মিয়ার ছেলে রনি ও জসিমের ছেলে সাকিবসহ আরো অজ্ঞাতনামা ১০/১২ জনকে আসামী করে সদর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করেন।
এই ঘটনায় আহত অন্যজন হলেন পারভীন আকতারের ছেলে পারভেজ হোসেন (২৫)।
গতকাল সোমবার (৪ মার্চ) জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা জানিয়ে এই বিষয়ে সংবাদ সম্মেলন করেন পারভিন আকতারের পরিবার।
সংবাদ সম্মেলনে পারভীন আকতারের ছেলে পারভেজ হোসেন বলেন, কিছুদিন আগে আমার খালাতো ভাই মোঃ হাছান ভুলবশত মামলার আসামীদের মধ্যে ১ জনের টিকটিক ভিডিও করার সময় তার সামনে চলে আসে। পরে, তারা আমার খালাত ভাইকে মারধরের হুমকি দিলে সে বাড়িতে এসে আমাদেরকে জানায়। পরে, শনিবার (২ মার্চ) বিকাল ৩ টায় এই বিরোধের জের ধরে মামলার আসামীসহ ১০/১২ জন অজ্ঞাত লোক আমাদের বসতবাড়িতে ঢুকে বাড়িঘর ভাংচুর করে ও আমার মা কে মারধর ও শ্লীলতাহানী করার চেষ্টা করে। এক পর্যায়ে তারা আমার মাকে গলা টিপে হত্যা করার চেষ্টা করে। আমি সেখানে বাঁধা প্রদান করতে গেলে, আমাকেও কুপিয়ে জখম করা হয় ও আমাদের নগদ চার লক্ষ টাকা ও ৫ লক্ষ টাকার স্বর্ণালংকার তারা লুট করে নিয়ে যায়। পরে আহত অবস্থায় আমাকে ও আমার মা কে সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। আমি ও আমার পরিবার প্রশাসনের কাছে এই ঘটনার উপযুক্ত বিচার চাই এবং আমাদের জীবনের নিরাপত্তা চাই।
এসময় সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, আহত গৃহবধু পারভীন আকতারের মা রুপিয়া খাতুন ও খালাত ভাই দুলাল মিয়া।
[sharethis-inline-buttons]
আপনার মতামত লিখুন :