• ঢাকা
  • সোমবার, ২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৯ জুলাই, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৯ জুলাই, ২০২৬
Designed by Nagorikit.com

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

চবিতে ‘গ্রিন এডুকেশন অ্যান্ড সাসটেইনেবিলিটি সামিট-২০২৬’ অনুষ্ঠিত

চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পরিবেশবাদী সংগঠন ‘আওয়ার গ্রিন ক্যাম্পাস’-এর উদ্যোগে “Be Part of the Change Together, For a Greener Tomorrow” প্রতিপাদ্যে দিনব্যাপী ‘গ্রিন এডুকেশন অ্যান্ড সাসটেইনেবিলিটি সামিট-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।রোববার (১৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ অডিটোরিয়ামে এ সামিট অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন। বিশেষ অতিথি ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সালেহ্ জহুর।

‘Understanding Green Campus’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন আওয়ার গ্রিন ক্যাম্পাসের প্রধান উপদেষ্টা ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন।মূল প্রবন্ধে অধ্যাপক ড. কামাল উদ্দিন বলেন, পরিবেশ রক্ষায় শুধু নীতিমালা, প্রযুক্তি বা বৈজ্ঞানিক গবেষণা যথেষ্ট নয়; মানুষের আচরণ ও মানসিকতার পরিবর্তনও সমান গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘গ্রিন ফিলোসফি’ এমন একটি দর্শন, যা মানুষের সঙ্গে পরিবেশের ইতিবাচক সম্পর্ক গড়ে তুলতে সহায়তা করে। মানুষের আচরণ পরিবেশবান্ধব না হলে কোনো নীতিই কার্যকরভাবে বাস্তবায়ন সম্ভব নয়।

অনুষ্ঠানে এসডিজি ও আওয়ার গ্রিন ক্যাম্পাসের কার্যক্রম নিয়ে একটি সেশন পরিচালনা করেন অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন। পরে ‘জিরো ওয়েস্ট ক্যাম্পাস’ বিষয়ে উপস্থাপনা করেন ড. মো. আরিফুর রহমান।

সামিটে ‘Building a Sustainable Green Campus’ শীর্ষক একটি প্যানেল আলোচনার আয়োজন করা হয়। এতে প্যানেলিস্ট হিসেবে অংশ নেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এর চট্টগ্রাম ব্যুরো প্রধান শামসুদ্দিন ইলিয়াস, অধ্যাপক ড. খাদিজা মিতু, অধ্যাপক ড. মোহাম্মদ শাহাব উদ্দিন, সহযোগী অধ্যাপক এজিএম নিয়াজ উদ্দিন, অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন এবং ড. মো. আরিফুর রহমান। আলোচনা সঞ্চালনা করেন অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন বলেন, শিক্ষা কেবল জ্ঞান অর্জনের বিষয় নয়; মানুষের চিন্তা, আচরণ ও দায়িত্ববোধে ইতিবাচক পরিবর্তন আনতে পারলেই তা প্রকৃত শিক্ষা হিসেবে বিবেচিত হয়। তিনি বলেন, পরিবেশ শিক্ষা মানুষের জীবনযাপন ও মূল্যবোধে পরিবর্তন এনে পরিবেশ সংরক্ষণে কার্যকর ভূমিকা রাখতে পারে।

তিনি আরও বলেন, উন্নয়নের নামে পরিবেশ ধ্বংস কখনোই গ্রহণযোগ্য নয়। প্রকৃতির সঙ্গে সংঘাত নয়, বরং সহাবস্থান নিশ্চিত করেই টেকসই উন্নয়ন সম্ভব। তিনি উল্লেখ করেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস পরিবেশ শিক্ষা ও গবেষণায় অবদানের জন্য জাতীয় পর্যায়ে প্রধানমন্ত্রীর স্বর্ণপদক অর্জন করেছে।

স্বাগত বক্তব্যে আওয়ার গ্রিন ক্যাম্পাসের সভাপতি মুজাহিদুল ইসলাম বলেন, জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ ও প্রাকৃতিক সম্পদের সংকট এখন বৈশ্বিক বাস্তবতা। তাই পরিবেশ রক্ষা শুধু সামাজিক দায়িত্ব নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের অস্তিত্ব রক্ষারও প্রশ্ন। তিনি বলেন, সচেতন মানুষ, দায়িত্বশীল শিক্ষা ও পরিবেশবান্ধব মানসিকতা ছাড়া টেকসই ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব নয়।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী, ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন, চাকসুর সাধারণ সম্পাদক সাঈদ বিন হাবিব এবং এজিএস আইয়ুবুর রহমান তৌফিক।এ সময় সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী, সূর্যসেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. সৈয়দ মুহাম্মদ শামসুল হুদা, অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক এজিএম নিয়াজ উদ্দিন, বিভিন্ন বিভাগের শিক্ষক, পরিবেশবিষয়ক সংগঠনের প্রতিনিধি এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তামান্না ও উর্মী।

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • ক্যাম্পাস এর আরও খবর