আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের জন্য ৭টি গরু ও ২টি ছাগল কুরবানির উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। এর মধ্যে অমুসলিম শিক্ষার্থীদের জন্য ২টি ছাগল কুরবানি দেওয়া হবে বলে জানিয়েছে সংগঠনটি।
বুধবার (২৭ মে) রাত সাড়ে ৮টায় প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংগঠন সূত্রে জানা যায়, ঈদের দিন ক্যাম্পাসসংলগ্ন এলাকার মানুষের মাঝে কুরবানির গোশত বিতরণ করা হবে। একই দিন রাত ৮টায় চট্টগ্রামের ষোলশহর এলাকায় অবস্থানরত শিক্ষার্থীদের জন্য একটি রেস্টুরেন্টে ভোজের আয়োজন করা হয়েছে।
এছাড়া ঈদের পরদিন রাত ৮টা ৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের ডাইনিংয়ে ছাত্রদের এবং বিজয়-২৪ হলে ছাত্রীদের জন্য পৃথক প্রীতিভোজের আয়োজন থাকবে। এ দুই আয়োজনে অমুসলিম শিক্ষার্থীদের জন্য ছাগলের মাংসের ব্যবস্থাও রাখা হবে।
এ বিষয়ে শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মোহাম্মদ পারভেজ বলেন, “অনেক শিক্ষার্থী পরীক্ষা ও বিভিন্ন কারণে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে পারেন না। তাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই আমাদের এই আয়োজন।”
চাকসুর ভিপি এবং শাখা ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহিম হোসেন বলেন, “মুসলিম-অমুসলিম শিক্ষার্থী, স্টাফ এবং ক্যাম্পাসসংলগ্ন যেসব মানুষ কুরবানি দিতে পারেননি, তাদের কথা বিবেচনা করেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ক্যাম্পাসের আশপাশের সুবিধাবঞ্চিত মানুষদের মধ্যেও কুরবানির গোশত বিতরণ করা হবে।”তিনি আরও বলেন, শহরে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য ঈদের দিন এবং ক্যাম্পাসে অবস্থানকারীদের জন্য ঈদের পরদিন প্রীতিভোজের আয়োজন রাখা হয়েছে।
চবি প্রতিনিধি
[sharethis-inline-buttons]
আপনার মতামত লিখুন :