ভিক্টোরিয়া সংবাদদাতা:কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ জুন) সকাল ১০ টায় কলেজের কলা, সামাজিক বিজ্ঞান, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা অনুষদের ২০টি বিভাগের হল রুমে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
এসময় প্রতিটি বিভাগে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে বিভাগীয় প্রধান ও শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কলেজ অধ্যক্ষ প্রফেসর আবুল বাশার ভূঁঞা বলেন, তোমরা রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছো। আশা করি তোমরা অনেক দূর এগিয়ে যাবে। এখান থেকে পড়াশোনা শেষ করে গবেষণামূলক কাজের মাধ্যমে দেশের কল্যাণে অবদান রাখবে। রাষ্ট্রচিন্তা, রাষ্ট্রকাঠামো ও আদর্শ রাষ্ট্র গঠনে ভূমিকা রাখতে হবে। পাশাপাশি বিভিন্ন ভাষা ও তথ্যপ্রযুক্তি খাতে দক্ষতা অর্জন করতে হবে।প্রতিটি বিভাগের আয়োজিত ওরিয়েন্টেশন অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বিভাগীয় কার্যক্রম, পাঠক্রম, শিক্ষাবিধি, পরীক্ষাপদ্ধতি এবং সহশিক্ষা কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক গাজী গোলাম মোহাম্মদ সোহরাব হাসান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক কাজী শাহাদাৎ হোসেন, অধ্যাপক আনোয়ার হোসেন, অধ্যাপক ড. মো. রাজু আহমেদসহ বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ।
[sharethis-inline-buttons]
আপনার মতামত লিখুন :